আমাদের দেশে শিশু ৬ মাস পার হয়ে যখন শক্ত খাবার (Solid food) খাওয়া শুরু করে, তখন অধিকাংশ পরিবারেই এক ধরনের অস্থিরতা তৈরি হয়। "বাচ্চা কিছু খাচ্ছে না", "ওকে কীভাবে মোটা করা যায়"—এই চিন্তায় মা-বাবারা এমন কিছু পদ্ধতি বেছে নেন, যা শিশুর স্বাভাবিক বিকাশ ও খাবারের প্রতি আগ্রহের মারাত্মক ক্ষতি করে।
অথচ বিশ্বজুড়ে স্বীকৃত বেবি লেড উইনিং (Baby-Led Weaning বা BLW) এবং রেসপন্সিভ ফিডিং (Responsive Feeding) শিশুর খাদ্যাভ্যাসকে সহজ, আনন্দদায়ক ও স্বাস্থ্যকর করে তোলে।
১. আমাদের সমাজে প্রচলিত কিছু ভুল খাওয়ানো ও তাদের অপকারিতা
আমাদের পরিবারগুলোতে দৈনন্দিন যে অভ্যাসগুলো দেখা যায়, সেগুলোর দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব রয়েছে:
শুয়ে খাওয়ানো: বাচ্চাকে শুইয়ে দুধ বা খাবার খাওয়ানো অত্যন্ত বিপজ্জনক। এতে খাবার খাদ্যনালীর বদলে শ্বাসনালীতে ঢুকে যাওয়ার (Aspiration) এবং কানে ইনফেকশন (Otitis Media) হওয়ার তীব্র ঝুঁকি থাকে।
সবকিছু ব্লেন্ড বা খুব তরল করে দেওয়া: ব্লেন্ডার ব্যবহারে খাবার হজম হয়তো সহজ মনে হয়, কিন্তু এতে বাচ্চার চিবানোর পেশী (Chewing muscles) ও চোয়ালের স্বাভাবিক গঠন ব্যাহত হয়। যে বাচ্চারা দীর্ঘ দিন ব্লেন্ড করা খাবার খায়, পরবর্তীতে তারা আস্ত খাবার গিলতে ভয় পায় এবং বমি করে ফেলে।
বাণিজ্যিক সেরেল্যাক বা প্রক্রিয়াজাত কৌটার খাবার: বাজারে পাওয়া এসব খাবারে অতিরিক্ত চিনি, কৃত্রিম ঘ্রাণ ও প্রিজারভেটিভস থাকে। এগুলো বাচ্চার প্রাকৃতিক স্বাদগ্রন্থি (Test buds) নষ্ট করে দেয় এবং পরবর্তীতে ঘরের সাধারণ পুষ্টিকর খাবারের প্রতি অরুচি তৈরি করে।
স্ক্রিন (মোবাইল/টিভি) দেখিয়ে খাওয়ানো: মোবাইল বা টিভি চালিয়ে খাওয়ালে শিশু মনোযোগ হারিয়ে যান্ত্রিকভাবে গিলে ফেলে (Mindless eating)। সে খাবারের স্বাদ, গন্ধ বা টেক্সচার বোঝে না। মস্তিষ্ক বুঝতে পারে না তার পেট ভরেছে কিনা, যা ভবিষ্যতে স্থূলতা বা মারাত্মক কুঅভ্যাসে রূপ নেয়।
পেছনে দৌড়ে ঘণ্টার পর ঘণ্টা খাওয়ানো: থালা হাতে বাচ্চার পেছনে পেছনে ঘুরে খাওয়ানো বাচ্চার ভেতরে এই ধারণা তৈরি করে যে খাবার খাওয়া একটি খেলা বা বিরক্তির বিষয়। এতে শিশুর নিজের খিদের অনুভূতি (Satiety cues) চেনার ক্ষমতা নষ্ট হয়ে যায়।
জোর করে (ঠুসিয়ে) খাওয়ানো: জোর করে মুখে খাবার গুঁজে দিলে বাচ্চার মধ্যে "ফুড ট্রমা" তৈরি হয়। এতে সে খাবার দেখলেই চিৎকার করে কাঁদে বা থু থু করে ফেলে দেয়।
২. কেন এক জায়গায় বসে এবং পরিবারের সাথে খাওয়া জরুরি?
শিশুকে আলাদা না খাইয়ে পরিবারের সবার সাথে এক টেবিলে বা একই জায়গায় বসিয়ে খাওয়ানোর উপকারিতা অপরিসীম:
অনুকরণ করে শেখা: শিশুরা দেখে শেখে। পরিবারের বাকিদের আনন্দ নিয়ে খেতে দেখলে সে নিজে থেকেই খাওয়ার উৎসাহ পায়।
সামাজিক ও মানসিক বিকাশ: একসাথে বসে খেলে শিশুর মধ্যে আত্মবিশ্বাস ও যোগাযোগের দক্ষতা বাড়ে।
খাবারে শৃঙ্খলা: নির্দিষ্ট একটি জায়গায় বসে খাওয়ার মাধ্যমে শিশু খাবারের সময়ের শৃঙ্খলা ও শিষ্টাচার শেখে।
৩. বেবি লেড উইনিং (BLW) এবং স্বাবলম্বী খাওয়ার উপকারিতা
বেবি লেড উইনিং হলো এমন একটি পদ্ধতি যেখানে ৬ মাস বয়স থেকে বাচ্চার সামনে নরম, চিবানো যায় এমন আস্ত খাবার (Finger food) তুলে দেওয়া হয় এবং সে নিজেই নিজের হাতে খায়।
ফাইন মোটর স্কিল ও আই-হ্যান্ড কোঅর্ডিনেশন: হাত দিয়ে খাবার ধরা, মুখে তোলা—এতে বাচ্চার হাত ও চোখের সমন্বয়ের ক্ষমতা অসাধারণভাবে বাড়ে।
খাবারের স্বাধীনতা (Self-Regulation): শিশু নিজে সিদ্ধান্ত নেয় সে কতটুকু খাবে। তার পেট ভরলে সে খাওয়া থামিয়ে দেয়, ফলে জোর করার প্রয়োজন হয় না।
খাবারের বৈচিত্র্য গ্রহণ: বিভিন্ন খাবারের রঙ, টেক্সচার ও স্বাদের সাথে পরিচিত হওয়ার কারণে বাচ্চা বড় হয়ে যেকোনো খাবার সহজে গ্রহণ করতে পারে।
ফিডিং চেয়ার কেন জরুরি?
একটি ভালো ফিডিং চেয়ার শিশুর জন্য কেবল একটি আসবাব নয়, এটি নিরাপদ খাওয়ার পূর্বশর্ত। ফিডিং চেয়ারে বসলে বাচ্চার পিঠ সোজা থাকে এবং পা টেকসই সাপোর্ট পায় (৯০ ডিগ্রি অ্যাঙ্গেল)। এই সঠিক পসচার বা ভঙ্গি খাবার সহজে গিলে ফেলতে সাহায্য করে এবং শ্বাসনালীতে খাবার আটকে যাওয়ার (Choking) ঝুঁকি দূর করে।
শিশু ফিডিং চেয়ার রিফিউজ বা বসতে না চাইলে কী করবেন?
অনেক সময় শিশু নতুন চেয়ারে বসতে আপত্তি জানাতে পারে। সেক্ষেত্রে:
জোর করবেন না: প্রথম দিনেই দীর্ঘ সময় বসানোর চেষ্টা না করে প্রতিদিন খাওয়ার আগে ১-২ মিনিট করে বসিয়ে অভ্যস্ত করুন।
খেলার ছলে অভ্যস্ত করুন: না খাওয়ার সময়েও চেয়ারে বসিয়ে কিছু খেলনা বা খালি বাটি-চামচ দিন, যাতে সে চেয়ারটিকে ভয়ের কিছু মনে না করে।
পরিবারের টেবিলে যুক্ত করুন: ফিডিং চেয়ারটি পরিবারের ডাইনিং টেবিলের পাশে রাখুন, যাতে সে অনুভব করে সেও পরিবারের অংশ।
বাস্তব অভিজ্ঞতা: ৬ মাস থেকে ২৬ মাসের একটি সফল জার্নি
একজন মা হিসেবে আমার নিজের অভিজ্ঞতাই এর সবচেয়ে বড় প্রমাণ। আমার ছেলের বর্তমান বয়স ২ বছর ২ মাস (২৬ মাস)।
তার ৬ মাস বয়সে, রোজার মাসের দিকে আমি তার জন্য একটি fortable চেয়ার কিনি, যা আমাদের ডাইনিং চেয়ারের সাথে বেঁধে নেওয়া যেত। সেখান থেকেই আমরা ফিঙ্গার ফুড দিয়ে জার্নি শুরু করি। কিন্তু দেড় থেকে দুই মাস ব্যবহারের পর বুঝতে পারি, বুস্টার চেয়ারে সে প্রতিদিনের মূল খাবারের সময় ততটা কমফোর্টেবল বোধ করছিল না। তাই বাচ্চার সর্বোচ্চ আরামের কথা চিন্তা করে আমি তার জন্য একটি প্রপার হাই চেয়ার (ফিডিং চেয়ার) কিনি।
এর পর থেকে ঘরে প্রতিদিনের খাবারের জন্য সেই ফিডিং চেয়ারটিই ব্যবহার হতে থাকে। আর আগের চেয়ারটি রেখে দেওয়া হয় ট্রাভেলিং ও নানুর বাসায় যাওয়ার জন্য। এখন নানুর বাসায় গেলে বা সাময়িক সময়ের জন্য বাইরে গেলে সে খুব সুন্দরভাবে সেই fortable a চেয়ারে বসে যায়।

খাবারের ক্ষেত্রে, প্রথম থেকেই আমার ছেলে ম্যাশ করা খাবার, জাও ভাত কিংবা গলানো সুজি একদম পছন্দ করত না। সে আস্ত বা ফিঙ্গার ফুড খেতেই স্বাচ্ছন্দ্য বোধ করত। আমি তাকে কখনো নিজ হাতে খাইয়ে দিয়েছি, আবার কখনো সে নিজেই খেয়েছে।
তবে সবচেয়ে বড় সুফল যা পেয়েছি—সে সম্পূর্ণ স্ক্রিন-ফ্রি (Screen-free) খাবারে অভ্যস্ত! তাকে খাওয়ানোর জন্য কখনো মোবাইল বা টিভির প্রয়োজন হয়নি।
আজ ২৬ মাস বয়সে সে চমৎকারভাবে কখনো তার ফিডিং চেয়ারে, আবার কখনো আমাদের সাথে সাধারণ চেয়ারে বসেই খাবার খায়। এমনকি বাসায় মেহমান এলেও সে নিজে থেকেই টেবিলে এসে বসে স্বাচ্ছন্দ্যে সবার সাথে গল্প করতে করতে খাবার উপভোগ করে এবং মেহমানদেরও খাওয়ায়। এই আত্মবিশ্বাস ও সুন্দর খাদ্যাভ্যাস কেবল শুরু থেকেই তাকে স্বাবলম্বী করার ফলেই সম্ভব হয়েছে।
বিশ্বস্ত স্বাস্থ্যসংস্থার মতামত ও নতুন মা-বাবাদের প্রতি পরামর্শ
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO), আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্স (AAP), এবং UNICEF—প্রত্যেকটি আন্তর্জাতিক শিশু স্বাস্থ্যসংস্থাই জোর দিয়ে বলে যে শিশুকে জোর করে না খাইয়ে রেসপন্সিভ ফিডিং (Responsive Feeding) করানো উচিত। বাচ্চার খিদের সংকেত বোঝা এবং তাকে নিজের হাতে খাবারের টেক্সচার অনুভব করতে দেওয়া তার শারীরিক ও মানসিক বিকাশের জন্য অপরিহার্য।
নতুন মা-বাবাদের জন্য শেষ কিছু কথা:
প্রথম দিকে শিশু খাবার ফেলবে, ঘর নোংরা করবে, কাপড়ে মাখাবে—এটাই স্বাভাবিক। কিন্তু এই একটুখানি ধৈর্য বাচ্চার পুরো জীবনের জন্য একটি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে দেবে। ব্লেন্ডার আর মোবাইল বন্ধ করুন, বাচ্চার সামনে নিরাপদ খাবার তুলে দিন এবং তাকে নিজের গতিতে খেতে দিন। মনে রাখবেন, পেট ভরানোর চেয়ে সন্তানকে খাবারের সাথে একটি সুন্দর সম্পর্ক তৈরি করে দেওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ।



