আজকাল অনেকেই ভাবেন, খুব ছোট বয়সে কি শিশুদের হাতে বই তুলে দেওয়া ঠিক? এতে কি তাদের ছোট মনে বা ব্রেনে অতিরিক্ত চাপ পড়ে? একজন মা হিসেবে আমাদের বাস্তব অভিজ্ঞতা এবং প্যারেন্টিং জার্নি থেকে এই প্রশ্নগুলোর উত্তর আজ শেয়ার করব।

সংক্ষেপে উত্তর: ৩-৪ মাস বয়স থেকে কাপড়ের বই (ক্লথ বুক), ৮ মাস থেকে বোর্ড বুক দিয়ে শুরু করা যায়। প্রতিদিন ৮-১০ মিনিট, জোর না করে আনন্দের সাথে পড়লে আমরা কোনো চাপের লক্ষণ দেখিনি। এটি একজন মায়ের ব্যক্তিগত অভিজ্ঞতা; শিশুর স্বাস্থ্য বা বিকাশ নিয়ে সন্দেহ থাকলে শিশু বিশেষজ্ঞের পরামর্শ নিন।

​১. শিশুদের জন্য বই কেন? বই পড়ার আসল প্রয়োজনীয়তা

​ছোটবেলা থেকেই শিশুর হাতে বই তুলে দেওয়া কেবল তাকে অক্ষর চেনানোর জন্য নয়, বরং এর পেছনে রয়েছে সুদূরপ্রসারী উপকারিতা:

  • ​ভাষা ও শব্দভাণ্ডার বৃদ্ধি: বই পড়ার মাধ্যমে শিশুরা খুব দ্রুত নতুন নতুন শব্দ, ভাষা এবং বাক্য গঠন শিখতে শুরু করে।

  • ​মনোযোগ ও কল্পনাশক্তি বিকাশ: রঙিন ছবি ও গল্পের মাধ্যমে শিশুর মনোযোগ বা ফোকাস বাড়ে এবং তার কল্পনার জগৎ সমৃদ্ধ হয়।

  • বাবা-মায়ের সাথে বন্ডিং: কোলে নিয়ে একসাথে বই পড়ার সময়টুকু শিশুর জন্য নিরাপদ, আনন্দের এবং ভালোবাসায় ভরা একটা সময়।

  • ট্যান্ট্রাম সামলাতে সাহায্য: আমাদের অভিজ্ঞতায় ইয়াহইয়ার মন খারাপ বা রাগ হলে বই আমাদের বড় সহায়ক হয়েছে। বই হাতে দিলে বা বই নিয়ে বসলে ও শান্ত হয়ে যায়।

  • স্ক্রিনের বদলে অর্থবহ সময়: ও অনেকটা সময় বই নিয়েই কাটায়। ফলে স্ক্রিনের দিকে ঝোঁক অনেক কম।

  • জীবনের নানা বিষয় বোঝানো সহজ হয়: বৃষ্টি, ছোট-বড় সবকিছু, আবার রমাদান, ঈদের মতো উৎসব, এই সবকিছুই আমরা ইয়াহইয়াকে বইয়ের মাধ্যমে বুঝিয়েছি। বই দেখে দেখে ও এসব জিনিস চিনছে এবং বুঝছে।

  • নিজে নিজে বই নিয়ে সময় কাটানো: একা থাকলেও ইয়াহইয়া নিজেই বই খুলে দেখে এবং নিজের মতো করে সময় কাটায়। আবার মাঝে মাঝে আমাকে এসে পড়ে শোনাতে বলে।

  • গল্প শোনার আগ্রহ তৈরি: আগে ও গল্প শুনতে অভ্যস্ত ছিল না, গল্প কী জিনিস সেটাও বুঝত না। বইয়ের মাধ্যমেই ও গল্প শুনতে আগ্রহী হয়েছে।

​​২. কবে থেকে শিশুর হাতে বই দেওয়া উচিত?

​অনেকে মনে করেন শিশু কথা বলা বা অক্ষর চেনামাত্র বই দিতে হবে। কিন্তু আমাদের অভিজ্ঞতা বলে, বইয়ের সাথে শিশুর পরিচয় হওয়া উচিত আরও অনেক আগে থেকেই:

  • ​৩ থেকে ৪ মাস বয়স: এই বয়সে শিশুকে কাপড়ের বই বা 'ক্লথ বুক' (Cloth Book) দেওয়া যেতে পারে। ও তখন হয়তো পড়ার মানে বুঝবে না, কিন্তু বইটি নাড়াচাড়া করা বা স্পর্শ করাটাই তার জন্য বইয়ের সাথে প্রথম চেনা-জানা পর্ব।

  • ​৮ মাস বয়স থেকে: এই সময়ে শিশুরা শক্ত পাতার বোর্ড বুক (Board Book) বা রঙিন ইলাস্ট্রেশনের ইসলামিক ও শিক্ষণীয় বইগুলোর সাথে পরিচিত হতে পারে।

​৩. শিশুদের জন্য কেমন ধরনের বই নির্বাচন করা উচিত?

​বাচ্চাদের বয়স অনুযায়ী বইয়ের ধরণ পরিবর্তন হয়:

  • ​৩-১২ মাস বয়স: টেকসই কাপড়ের বই (Cloth Books), ওয়াটারপ্রুফ বই বা মোটা বোর্ডের বই (Board Books) যেগুলোতে বড় বড় রঙিন ছবি থাকে।

    Cloth books, Daraz এ পাওয়া যায়
  • ​১ থেকে ২ বছর বয়স: বড় বড় ছবি ওয়ালা বই। সাউন্ড বুক /অডিও বুক। প্রাণী, ফলমূল, যানবাহন বা দৈনন্দিন রুটিনের ছবিযুক্ত বোর্ড বুক।

  • ২ থেকে ৪ বছর: একটু বড় ছবির সাথে কম লিখা গল্পের বই, আলাদা আলাদা বিষয় শেখার বই, যেমন বর্ণমালা, সংখ্যা, রং, আকার, প্রাণী ও পাখির নাম। বাচ্চা এই বয়সে প্রশ্ন করতে শুরু করে, তাই যে বইয়ে কথা বলার সুযোগ আছে সেটা বেশি কাজে দেয়।

  • ৪ থেকে ৭ বছর: গল্পের বই, দোয়া ও আদবের বই, নবীদের গল্প, সীরাহ এবং অক্ষর চিনে নিজে পড়ার প্রাথমিক বই।

আমরা যেভাবে বই বেছেছি: ইয়াহইয়ার জন্য আমরা অনেক জায়গা থেকে, অনেক ধরনের বই কিনেছি এবং অনেক এক্সপ্লোর করেছি। ভাষা শেখানোর জন্য আলাদা বই, সব অ্যালফাবেট শেখানোর জন্য আলাদা বই, আবার কোনো নির্দিষ্ট বিষয় শেখানোর জন্য আলাদা বই। একটা বইয়ে সবকিছু না খুঁজে, একটা বই একটা উদ্দেশ্যে ব্যবহার করলে শিশুর জন্য বোঝা সহজ হয়।

​৪. শিশুর ব্রেনে কি চাপ পড়ে? (আমাদের বাস্তব অভিজ্ঞতা ও ভুল ধারণা)

অনেক অভিভাবকের মনেই প্রশ্ন থাকে—“এত ছোট বাচ্চাকে বই দিলে কি ওর ব্রেনে অতিরিক্ত চাপ পড়বে?”

​আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি, সঠিক উপায়ে ও জোর না করে বই দিলে শিশুর ব্রেনে কোনো চাপ তো পড়েই না, বরং এটি তার মস্তিষ্কের সুষম বিকাশে দারুণ সাহায্য করে।

যখন আমাদের ইয়াহইয়ার মাত্র ৪ মাস তখন আমি ক্লথ বুক কিনে দেই যেটা নিয়ে ইয়াহইয়া হাত পা নাচাতো 🤣

তারপর মাত্র ৮ মাস বয়সে ফিউচার উম্মাহ বিডি (Future Ummah BD) থেকে দুটি ইসলামিক বই (Who is Allah? এবং Quranic Stories Book) কিনে দিই,

ইয়াহইয়ার দুটি বই। Who is Allah, Quran story

তখন শুরুতে ও ১০-১২ সেকেন্ডের বেশি বসতে চাইত না। আমার হাজবেন্ডের মনেও প্রথমে দ্বিধা কাজ করেছিল যে এত দামি বই এত ছোট বাচ্চাকে দেওয়া কি বোকামি হচ্ছে বা কোনো চাপ তৈরি হচ্ছে কি না।এরপর আমরা ধাপে ধাপে বয়স ও প্রয়োজন অনুযায়ী বই কিনে দিয়েছি। এখন ইয়াহইয়ার একটি ছোট্ট লাইব্রেরি আছে।

​কিন্তু আমরা জোর না করে প্রতিদিন রাতে ঘুমানোর আগে নিয়ম করে ৮ থেকে ১০ মিনিট ওর সাথে বই পড়া শুরু করলাম। এর ফলাফল হলো চমৎকার! মাত্র দুই-তিন মাস পর ইয়াহইয়া নিজেই বইয়ের পাতা উল্টাতে শুরু করল, ছবির দিকে ফোকাস করতে শিখল এবং আনন্দের সাথে সময় কাটাতে লাগল। ৮ মাস থেকে শুরু করে আজ ২৬ মাস বয়স পর্যন্ত আমাদের এই রুটিনটি ওর আনন্দের একটি অংশ, কোনো বোঝা বা ব্রেনের চাপ নয়। এটি ওর শেখার আগ্রহ ও মনোযোগ বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

৫. বই রাখার জায়গা: আমাদের বুকশেলফের গল্প

বই বাড়তে থাকলে সবচেয়ে বড় প্রশ্ন হয়, রাখব কোথায়? আমরা ইয়াহইয়ার জন্য নানা ধরনের বুকশেলফ ব্যবহার করেছি। কিছু আমরা নিজেরা ঘরে বানিয়েছি, কিছু কিনেছি, আর সবশেষে একটা কিনেছি। বুকশেলফ এমন উচ্চতায় রাখুন যেন বাচ্চা নিজেই হাত বাড়িয়ে বই নিতে পারে। এতে বইয়ের প্রতি ওর আগ্রহ আরও বাড়ে।

​উপসংহার

​শিশুর হাতে বই তুলে দেওয়া মানে তাকে পড়াশোনার চাপে ফেলা নয়, বরং তার সুন্দর একটি ভবিষ্যৎ ও সুন্দর অভ্যাসের ভিত্তি তৈরি করে দেওয়া। তাই কোনো রকম দ্বিধা না রেখে আজই আপনার শিশুর বয়পোযোগী চমৎকার কিছু বই দিয়ে তার ছোট্ট লাইব্রেরিটি শুরু করে দিতে পারেন!